হোম > জাতীয়

২১ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

তারেক রহমান। ফাইল ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে যেতে পারেন। এরপর তাঁর সান ফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর নয় দিনের এই সফরের প্রস্তুতির কথা জানিয়েছেন। একই সঙ্গে কাজ চলছে তাঁর সফরসঙ্গীদের যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে পাঠানো একটি নোট ভার্বালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মালয়েশিয়া ও চীন সফরের পর সরকারপ্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি সাধারণ অধিবেশনের ফাঁকে বিভিন্ন আয়োজনেও প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সান ফ্রান্সিসকোতে একটি মতবিনিময় সভায়ও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রসঙ্গত, এমন এক সময়ে জাতিসংঘে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যখন সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

এদিকে দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রীর ভারতে যাওয়ার আলোচনা চললেও বিষয়টি পরে আর এগোয়নি। গত শুক্রবার (২১ আগস্ট) তাঁর প্রেস সচিব সালেহ শিবলী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। একই সঙ্গে তিনি জানান, শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামির প্রত্যর্পণের বিষয়ে ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা।