হোম > জাতীয়

দেশে অস্থিতিশীলতা তৈরি করতে বিরোধী দল বাজেটের বিরোধিতা করছে: প্রধানমন্ত্রী

বাসস, কক্সবাজার

আজ সকালে কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের কাজ শুরুর পর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে অস্থিতিশীলতা তৈরি করতে বিরোধী দল প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করছে। তিনি বলেন, ‘বিরোধী দল বলছে যে এই গণবিরোধী বাজেট তারা মানে না।’

আজ শনিবার সকালে কক্সবাজারের পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখননের কাজ শুরুর পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সমাবেশে উপস্থিত জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন?’

তারেক রহমান বলেন, ‘তাদের (বিরোধী দল) লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। তাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে অস্থিতিশীলতা ও অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘খবরের কাগজগুলোতে দেখলাম, এবারের বাজেটের পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বাড়েনি। কারণ চাল, ডাল, তেল, নুনসহ সকল প্রয়োজনীয় জিনিসের ওপর যে ট্যাক্স ছিল বর্তমান সরকার দুই দিন আগের বাজেটে ৬০টি পণ্যের ওপর থেকে তা তুলে নিয়েছে। যেন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। এর উদ্দেশ্য ও লক্ষ্য একটাই, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে।’

তারেক রহমান বলেন, ‘জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে যাব।’

বিএনপি জনগণের জন্য রাজনীতি করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। আর বিএনপি সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়।’

বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী উপস্থিত জনগণের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘এখানে কেন এসেছি বলেন তো? পাতলী খাল পুনঃখননকাজের উদ্বোধন করতে। আজ থেকে প্রায় ৫০ বছর আগে এই খাল খনন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই খাল খননের ফলে ৪০ হাজার মানুষের উপকার হবে। উপকৃত হবেন সাড়ে ৮ হাজার কৃষক। এ কারণে আমরা আগামী পাঁচ বছরে ২৩ হাজার খাল খননের লক্ষ্য নির্ধারণ করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কিন্তু কৃষির সাথে সাথে আমাদের শিল্প-বাণিজ্যেও গুরুত্ব দিতে হবে। শিল্প-বাণিজ্যের উন্নতি ঘটলে আমাদের সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য করতে পারবে। এ কারণে যে সকল দ্রব্য দেশে উৎপাদিত হয় অথচ একই জিনিস যেগুলো বিদেশ থেকে আসে, সেগুলোর ওপর আমরা ট্যাক্স বাড়িয়েছি। যাতে দেশে উৎপাদিত দ্রব্যটি যারা উৎপাদন করে, সেই শিল্পকারখানাটি সাপোর্ট পায়, তার ব্যবস্থা আমরা এই বাজেটের মধ্যে রেখেছি। এটিও বিরোধী দলের পছন্দ নয়।’

কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদের সভাপতিত্বে সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বক্তব্য দেন।

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, মায়ের হাতে দিলেন ২০ লাখ টাকার সঞ্চয়পত্র

চকরিয়ায় ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননকাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২: যাত্রী কল্যাণ সমিতি

কক্সবাজারে প্রধানমন্ত্রী

কক্সবাজার রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি

পিডিবির সাবেক শীর্ষ কর্মকর্তাদের সম্পদের খোঁজে দুদক

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর, ঢাকা ওয়াসাসহ বিভিন্ন সংস্থার শীর্ষ পদে রদবদল

৮ নগর উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান, ৭ জনই বিএনপি নেতা