হোম > জাতীয়

নিষেধাজ্ঞার পরও নকশা অনুমোদন: নৌপরিবহনের সাবেক প্রধান প্রকৌশলীসহ ২ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নৌযানের নকশা অনুমোদন স্থগিত রাখার সরকারি নির্দেশ অমান্য করে ৭৬টি মালবাহী নৌযানের নকশা অনুমোদনের অভিযোগে নৌপরিবহন অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম ও সাবেক উপপরিচালক শামীম উদ্দিন আহম্মেদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার কমিশন এই অভিযোগপত্র অনুমোদন করেছে বলে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।

দুদকের অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ১ ডিসেম্বর নৌপরিবহন অধিদপ্তরের তৎকালীন প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার এ কে এম ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক সার্কুলারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ সব ধরনের কার্গো ভেসেলের নকশা অনুমোদন স্থগিত করা হয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৭ সালের ৬ জুন পর্যন্ত ৭৬টি মালবাহী নৌযানের নকশা অনুমোদন করেন তিনি। এ ঘটনায় সরকারি ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে কমিশন।

দুদকের নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, নৌযানের নকশা অনুমোদন নিয়ে অনিয়ম ঠেকাতে ২০১৬ সালের ৩০ জুন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক আট সদস্যের একটি কমিটি গঠন করেন। ওই কমিটির সুপারিশ ছাড়া কোনো নৌযানের নকশা অধিদপ্তরে গ্রহণ করা হবে না বলে আদেশ জারি করা হয়। কিন্তু এই নির্দেশনাও উপেক্ষা করা হয়। কমিটির সুপারিশ ছাড়াই ফখরুল ইসলাম ৭৬টি মালবাহী নৌযানের নকশা অনুমোদন করেন।

নৌপরিবহন অধিদপ্তরের ২০১৮ সালের ১৫ মে দেওয়া তথ্য অনুযায়ী, এসব নৌযানের নকশা অনুমোদন করা হয়েছিল। অনুমোদন পাওয়া নৌযানগুলোর মধ্যে নতুন নির্মিত জাহাজের পাশাপাশি আগের নৌযানের পরিবর্তিত বা সংশোধিত নকশাও ছিল।

এ ঘটনায় এ কে এম ফখরুল ইসলামের পাশাপাশি নৌপরিবহন অধিদপ্তরের প্রশাসন ও নকশা শাখার অবসরপ্রাপ্ত উপপরিচালক শামীম উদ্দিন আহম্মেদকেও চার্জশিটে আসামি করা হয়েছে। তারা পরস্পর যোগসাজশে নকশা অনুমোদন করেন।

দুদকের অভিযোগে বলা হয়েছে, এ কে এম ফখরুল ইসলাম নিজের স্বাক্ষরে জারি করা নকশা অনুমোদন স্থগিতের সার্কুলার অমান্য করে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করেছেন। এ ছাড়া আট সদস্যের কমিটির সুপারিশ ছাড়া নকশা অনুমোদনের মাধ্যমে সরকারি বিধিবিধান লঙ্ঘন করেছেন। তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, এ কে এম ফখরুল ইসলাম বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন।