বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিপিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ বদলির আদেশ জারি করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
আগামীকাল মঙ্গলবার বিপিসির চেয়ারম্যানের চট্টগ্রাম আসার সময়সূচি নির্ধারিত ছিল বলে জানান চেয়ারম্যানের একান্ত সচিব বিপিসির উপ-ব্যবস্থাপক মো. নিয়াজ মোর্শেদ। এরই মধ্যে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো।
ঠিক কী কারণে তাঁকে পদ থেকে সরানো হলো সেই সম্পর্কে কেউই মুখ খুলছেন না।
এর আগে গত ২ ফেব্রুয়ারি বিপিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মো. রেজানুর রহমান। ওই সময় তিনি বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান ছিলেন। নিয়োগ লাভের ৬ মাসের মাথায় তাঁকে সরিয়ে দেওয়া হলো।
তিনি দায়িত্ব পাওয়ার পরপরই ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হয়। যুদ্ধকালীন জ্বালানি সংকট সামাল দেওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দুর্নীতির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে সক্রিয় দেখা গেছে রেজানুর রহমানকে। সম্প্রতি শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠলে নিজের পিএস বিপিসির উপব্যবস্থাপক মো. আহম্মদুল্লাহকে পদ থেকে সরিয়ে দেন তিনি।