হোম > জাতীয়

মেয়াদ শেষের আগেই এমদাদ উল বারীর বিদায়, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান।

আজ রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সব তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে তাঁর অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক তাঁকে চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১০ সেপ্টেম্বরের বিটিআরসির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ আজ রোববার ১৫ নভেম্বর থেকে বাতিল করা হলো।

২০২৪ সালের ১০ সেপ্টেম্বর এমদাদ উল বারীকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছিল। অর্থাৎ ২ বছর ২ মাস ৫ দিন বা ৭৯৬ দিনের মাথায় তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল হলো।

বিটিআরসি সূত্রে জানা গেছে, সদ্য বিদায়ী চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী রোববার সকাল থেকে সাভার সেনানিবাসে সিগন্যালিং-সংক্রান্ত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সে সময় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁর নিয়োগ বাতিল এবং নতুন চেয়ারম্যান নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।