হোম > জাতীয়

আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

‘বর্ষা উৎসব ২০২৬’ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: আজকের পত্রিকা

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমাদের একটাই পরিচয়, আমরা এই ভূখণ্ডের মানুষ, আমরা বাংলাদেশি।’

আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বর্ষা উৎসব ২০২৬’ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে কেউ নিজেকে বঞ্চিত মনে করবে না।’

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জাতীয় প্রেসক্লাবের সদস্যদের সন্তানদের জন্য এমন সৃজনশীল চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করায় সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে সমাজের মূল স্রোতোধারার সঙ্গে একাত্মতা বজায় রাখতে এ ধরনের সব প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরও অন্তর্ভুক্ত করার বিশেষ আহ্বান জানান তিনি।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।