দেশের বিমান খাতে বিদ্যমান সব ধরনের সিন্ডিকেট নির্মূলে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, ‘আপনাদের সবার সহযোগিতায় বিমান খাতের সব সিন্ডিকেট নির্মূলে সক্ষম হতে পারব বলে আশা রাখি।’
আজ রোববার (১৬ আগস্ট) মানিকগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সরকারের প্রথম ছয় মাসেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।
বিমানমন্ত্রী বলেন, বিমান খাতে যাত্রীদের স্বার্থ নিশ্চিত করা এবং সেবার মান বাড়ানোর পাশাপাশি বিভিন্ন ধরনের অনিয়ম ও সিন্ডিকেট বন্ধ করা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। প্রবাসীদের জন্য ন্যায্য বিমানভাড়া নিশ্চিত করতেও সরকার কাজ করছে বলে জানান তিনি।
জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ সুবিধার কথা তুলে ধরে আফরোজা খানম বলেন, তাঁদের প্রতি সম্মান জানাতে পর্যটন করপোরেশনের অধীন হোটেল-মোটেল এবং বিমান ভাড়ায় বিশেষ প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মানিকগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির উদ্বোধন করেন মন্ত্রী। পরে জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
আলোচনা সভায় মন্ত্রী বলেন, দেশের মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে দেশি মাছের কোনো বিকল্প নেই। দারিদ্র্য বিমোচন ও জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে মৎস্য চাষকে তৃণমূল পর্যায়ে আরও জনপ্রিয় ও সম্প্রসারিত করতে হবে।
বিমানমন্ত্রী বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে মৎস্য অধিদপ্তর কাজ করছে। মৎস্য চাষিদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে সরকার প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসকসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।