চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করতে আজ রোববার দুপুরে ফটিকছড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মাদ্রাসা কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রশাসন ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী দুপুরে হেলিকপ্টারে ফটিকছড়ির পেলাগাজীর দিঘি সিঅ্যান্ডবি মাঠে অবতরণ করবেন। সেখান থেকে নাজিরহাটের বাবুনগর এলাকায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
পরে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে হেফাজতে ইসলামের শীর্ষ প্রায় ৭০ জন আলেমের সঙ্গে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মতবিনিময় সভায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন সংগঠনের নায়েবে আমির মুফতি খলিল আহমদ কুরাইশী, আল্লামা আইয়ুব বাবুনগরী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মুফতি মাহমুদ হাসান, আল্লামা সালাহউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা বোরহান উদ্দিন জাকারিয়া ও মাওলানা মুহিউদ্দিন রব্বানী।
এ ছাড়া যুগ্ম মহাসচিব মাওলানা মনির হোসেন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও মুফতি সাখাওয়াত হোসেন রাজী উপস্থিত থাকবেন। জেলা পর্যায়ের নেতাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার জেলা আমির মাওলানা মোবারক উল্লাহ, নারায়ণগঞ্জের জেলা আমির মাওলানা আব্দুল আউয়াল, লক্ষ্মীপুরের জেলা আমির মাওলানা মুস্তাকান্নুবী, হাফেজ হাবিবুল্লাহ বাবুনগরী, ঢাকার মাওলানা একরাম হোসাইন আদুদী, খুলনার জেলা সভাপতি মাওলানা সাখাওয়াত হোসেন এবং ঢাকার মাওলানা কেফায়েত উল্লাহ আজহারীর থাকার কথা রয়েছে।
মতবিনিময় সভায় কী বিষয়ে আলোচনা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি সংগঠনটির পক্ষ থেকে। হেফাজতে ইসলামের নায়েবে আমির ও আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর পুত্র মাওলানা আইয়ুব বাবুনগরী আজকের পত্রিকাকে বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মাদ্রাসার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনের বিভিন্ন সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা একাধিকবার সভাস্থল প্রস্তুতি পরিদর্শন করেছেন।
মাওলানা আইয়ুব বাবুনগরী বলেন, অনুষ্ঠানে দেশের প্রায় ৭০ জন শীর্ষ আলেম উপস্থিত থাকবেন। তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে কোনো দাবি তুলে ধরা হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, হেফাজতে ইসলামের মহাসচিব রয়েছেন; এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। তবে ব্যক্তিগত বা মাদ্রাসার পক্ষ থেকে কোনো দাবি না রাখার নির্দেশনা দিয়েছেন হেফাজতের আমির।
অন্যদিকে হেফাজতে ইসলামের আমিরের দৌহিত্র বরকতউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের পক্ষ থেকে ধর্মীয় বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। এর মধ্যে হেফাজতের ১৩ দফা দাবি এবং হিযবুত তাহরীরকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিও থাকতে পারে।
এদিকে ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর কাছে ফটিকছড়ির উন্নয়নের জন্য কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হবে। এর মধ্যে সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠা, কয়েকটি কলেজ সরকারীকরণ, স্থানীয় গ্যাসসম্পদের সুষম বণ্টন, চা ও রাবারবাগানে শিল্পভিত্তিক গ্যাস সংযোগ এবং অব্যবহৃত খাসজমিতে শিল্পাঞ্চল গড়ে তোলার বিষয় রয়েছে।
তবে বাবুনগরে প্রধানমন্ত্রী ও হেফাজতের মতবিনিময় ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা-কল্পনা। বৈঠকে কী আলোচনা হবে, হেফাজতের পক্ষ থেকে কী দাবি উঠবে—এখন সেদিকেই নজর সবার।