হোম > জাতীয়

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সংসদের শোক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। আজ রোববার বিকেলে তাঁর স্মরণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদে আলোচনা হয়। আলোচনা শেষে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। পরে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দিনের বাকি কার্যসূচি স্থগিত করা হয়।

দিনের কার্যসূচি অনুযায়ী—শুরুতে ছিল প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তরের পর বগুড়া বিশ্ববিদ্যালয় বিল নিয়ে স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়। এরপর জমির উদ্দিন সরকারের জীবনী নিয়ে আলোচনা হয় এবং দিনের অন্যান্য কার্যসূচি স্থগিত করা হয়।

আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জমির উদ্দিন সরকার ছিলেন তাঁর পরম আত্মীয়। নিজের মেধা দিয়ে তিনি (জমির উদ্দিন) বড় হয়েছেন। তাঁর এলাকার মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন।

মির্জা ফখরুল বলেন, জমির উদ্দিন সরকার ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি এবং তার নীতির প্রতি তিনি আকৃষ্ট হয়ে প্রথমে জাগদল এবং তারপরে বিএনপিতে যোগ দেন। দল, রাজনীতি, উদার গণতান্ত্রিক রাজনীতির প্রতি তার আনুগত্যে তিনি অবিচল ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাকে সব সময় একটা কথা বলতেন ইলেকশন করবে। ইলেকশনের মধ্যে দিয়ে যাবে। ইলেকশন ছাড়া কিন্তু কখনো গণতন্ত্রে পৌঁছানো যায় না।’

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, জমির উদ্দিন সরকার পেশাগত জীবনে এবং রাজনীতিবিদ হিসেবে সফল ছিলেন। ফ্যাসিবাদী আমলে তাঁরা জমির উদ্দিনের দ্বারস্থ হতেন, তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার পাশাপাশি মজলুম নেতাদের পক্ষে বারবার আদালতে দাঁড়িয়েছেন। তিনি স্পিকার হিসেবে সংসদকে প্রাণবন্ত করে রাখতেন। আর আইনের অঙ্গনে তিনি তিনি অনেকের গুরু। তার চলন-বলন সবকিছুই ছিল শিক্ষণীয়।

বিএনপির সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন তাঁকে সফল আইনজীবী ও রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে বলেন, বিচারপ্রার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা এবং দল ও দেশের প্রতি তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন আপাদমস্তক ভদ্রলোক ও নিবেদিতপ্রাণ রাজনীতিক। দীর্ঘ কর্মজীবনে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ শোনা যায়নি। তাঁর জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান, এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন আলোচনায় অংশ নেন।

এই আলোচনা শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যের উদ্দেশে বলেন, জাতি এক মহান রাজনীতিক আইনজ্ঞ এবং একজন সাদা মনের মানুষকে হারিয়েছে। আপনাদের বক্তব্য শুনে আমিও আবেগাপ্লুত হয়ে পড়েছি। আমিও কয়েকটি সংসদে তার সহকর্মী ছিলাম। আপনাদের ওখানে বসেই এই চেয়ার থেকে তিনি যখন অত্যন্ত সুন্দরভাবে এই সংসদকে পরিচালনা করতেন, সেটি দেখে মুগ্ধ হয়েছি।

স্পিকার আরও বলেন, জমির উদ্দিন সরকার বিশিষ্ট আইনজীবী ছিলেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। অত্যন্ত ভালো মনের একজন মানুষ, যার সম্বন্ধে কখনো কারও কাছ থেকে কোনো অভিযোগ শুনতে পাইনি। জাতি এক মহান সন্তানকে হারাল।

শেখ হাসিনা ফিরলেই কারাগারে যেতে হবে: চিফ প্রসিকিউটর

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

সংসদ ভবনে দ্বিতীয় জানাজা শেষে জমির উদ্দিন সরকারকে দাফন

অতিবৃষ্টি-পাহাড়ি ঢলে ৭ জেলায় ৫১ জন নিহত, সবচেয়ে বেশি কক্সবাজারে

নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে কীটনাশকের মান নিয়ন্ত্রণ জরুরি: কৃষিমন্ত্রী

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিরোধীদলীয় চিফ হুইপের শোক

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জমির উদ্দিন সরকারকে দাফন করা হবে সংসদ এলাকার ‘জাতীয় কবরস্থানে’

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন: কুমিল্লায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক