বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৯০তম দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ভাটিয়ারীতে বিএমএ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণের পাশাপাশি কৃতী ক্যাডেটদের পুরস্কার বিতরণ করেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর প্রধান প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের উদ্দেশে বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের ওপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব অর্পিত হলো। তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপহার দেওয়ার জন্য একাডেমির কমান্ড্যান্ট, সংশ্লিষ্ট কর্মকর্তা, জেসিও, এনসিও, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।
তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের মোট ১৮৪ জন অফিসার ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তাঁদের মধ্যে ১৬৬ জন পুরুষ এবং ১৮ জন নারী অফিসার।
এ ছাড়া ফিলিস্তিনের চারজন, তানজানিয়ার একজন, জাম্বিয়ার একজন এবং মালদ্বীপের একজন অফিসার ক্যাডেট বিএমএ থেকে প্রশিক্ষণ সম্পন্ন করেন। তাঁরা নিজ নিজ দেশের সেনাবাহিনীতে যোগ দেবেন।