হোম > জাতীয়

আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: স্ক্রিনশট

টিপাইমুখ বাঁধ নিয়ে ‘আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ বুধবার জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সদস্য আব্দুল মালিকের এক সম্পূরক প্রশ্নের পর স্পিকার এ মন্তব্য করেন।

এর আগে সংসদ সদস্য আব্দুল মালিকের প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, বিষয়টি নিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন।

উল্লেখ্য, টিপাইমুখ বাঁধ ভারতের মণিপুর রাজ্যে বরাক নদীর ওপর প্রস্তাবিত একটি বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্প, যা বাংলাদেশ সীমান্তের প্রায় ১০০ কিলোমিটার উজানে অবস্থিত। ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে এটি নির্মিত হচ্ছে। তবে এর ফলে বাংলাদেশে পানিপ্রবাহ কমে যাওয়া ও পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘পানিসম্পদমন্ত্রী হিসেবে আমার কিঞ্চিৎ অভিজ্ঞতা আছে। এই যে টিপাইমুখ বাঁধ, এটি বাংলাদেশেরই পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধে চালু করেছিল ভারত। আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম।’

এ দিন পরিবেশ মন্ত্রণালয়সংক্রান্ত প্রশ্নোত্তর পর্বে সিলেটের বন্যা ও খরার দুর্ভোগের কথা তুলে ধরেন আব্দুল মালিক। তিনি বলেন, কালবৈশাখী ও বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও বরাক নদীর উজানের প্রবাহে সিলেটের রাস্তাঘাটসহ বিস্তীর্ণ এলাকা পানির নিচে চলে যায়। আবার খরার মৌসুমে পানির অভাবে মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

সিলেটবাসীর পক্ষ থেকে আব্দুল মালিক জানতে চান, টিপাইমুখ বাঁধের বিষয়ে সরকারের কী পরিকল্পনা আছে এবং পাহাড়ি ঢলের চাপ ঠেকাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

জবাবে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘টিপাইমুখের যে ব্যাপারটা মাননীয় সংসদ সদস্য বলেছেন, সেটা আমি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব, যাতে ভবিষ্যতে সমস্যাটা সমাধান করা যায়।’

পরিবেশমন্ত্রী আরও বলেন, ‘ওই বাঁধভাঙনের ফলে, যেভাবে উনি বলেছেন যে, একবার পানিতে তলিয়ে যায়, আরেকবার পানি পাওয়া যায় না...আমরা (ব্যবস্থা) নেব, যাতে করে ভবিষ্যতে এই সমস্যাটা কমে যায়।’

মন্ত্রীর উত্তরের পরই স্পিকার নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে টিপাইমুখ বাঁধ ইস্যুতে ওই মন্তব্য করেন।

সামনে পথ বন্ধ, ধরা পড়তেই হবে

গাজী নজরুল কি সংসদ সদস্য পদও হারাচ্ছেন

বিদ্যুৎ বিতরণ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন: ইসি আনোয়ারুল

আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতির কাছে আবেদন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিদায়ী নৌবাহিনীর প্রধান

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর হলো আহমদ ছফার দেহাবশেষ

বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ

বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠনে প্রধানমন্ত্রীর নির্দেশ