হোম > জাতীয়

সিরাজগঞ্জ ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

গোপালগঞ্জ প্রতিনিধি

ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জ ও গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে সিরাজগঞ্জের বেলকুচিতে বাসের চাপায় তিনজন এবং বৃহস্পতিবার দিবাগত রাতে গোপালগঞ্জের মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে আরও দুজনের মৃত্যু হয়।

সিরাজগঞ্জের বেলকুচিতে শুক্রবার সকাল ৭টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈমাম জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস এনায়েতপুরের দিকে যাচ্ছিল। পথে মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটি একটি অটোভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন উপজেলার আজগড়া (হিজলতলা) গ্রামের ফজিলা খাতুন (৪৫), তাঁর স্বামী মোতালেব সরকার (৫৫) এবং জামতৈল-আজগড়া গ্রামের অটোভ্যানচালক নুরু (৪৫)।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাগদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাগদি সেতুতে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের একটি বাস বিআরটিসি বাসটিকে সজোরে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়।

এতে দুটি বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। নিহতরা হলেন অমিতাভ হাওলাদার (৪২), তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের অমলেন্দু হাওলাদারের ছেলে এবং কালাম (৩০), তিনি শেরপুর জেলার আব্দুস সামাদের ছেলে।

আহতদের মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল খান বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

ইসরায়েলের বিরুদ্ধে দেশের ৮০ শতাংশ মানুষ: জরিপ

পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের

ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, কী আশা করছে আঙ্কারা

বাংলাদেশ-ভারত: পুশ ইনে সীমান্তে উত্তেজনা

৩ দিনের সফরে ঢাকা পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের প্রণোদনায় নীতিমালা অনুমোদন

দেশের ৬ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

দুই দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে: খলিলুর রহমান

অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ ডিআইজি, গ্রেড-১ পেলেন দুই কর্মকর্তা

সংবিধান ও কার্যপ্রণালি-বিধি সম্পর্কে সম্যক জ্ঞান সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করে: ডেপুটি স্পিকার