হোম > জাতীয়

সংসদে ছাদ চুইয়ে পানি, নিজ ঘরেও পানি পড়ার কথা জানালেন ডেপুটি স্পিকার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামাল। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় সংসদ ভবনের মসজিদ ও বিভিন্ন কক্ষের ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি দলের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। এ বিষয়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, শুধু সংসদ ভবনই নয়, বৃষ্টির দিনে তাঁর নিজের ঘরে বাটি দিয়ে পানি আটকে রাখতে হয়।

আজ সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এমন অভিযোগ করেন হুইপ জি কে গউছ।

হুইপ জি কে গউছ স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিগত ১৭ বছর ধরে এই সংসদে নাচ, গান, কবিতা আবৃত্তিসহ নানা ঘটনা ঘটেছে। অথচ যে ফোরামে সংসদ সদস্যরা অধিবেশন করছেন, ঠিক তার ওপরের তলায়ই রয়েছে মসজিদ। সেখানে অসংখ্য মুসলিম সংসদ সদস্য একসঙ্গে জামাতে নামাজ আদায় করেন। অত্যন্ত দুঃখের বিষয় হলো, বর্তমানে মসজিদের সামনে সারিবদ্ধভাবে বালতি দিয়ে রাখা হয়েছে, কারণ, ছাদ ফেটে অনবরত বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করছে।

ক্ষোভ প্রকাশ করে জি কে গউছ বলেন, ‘যেখানে এই অধিবেশনে আমরা ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট অনুমোদন করেছি, সেখানে মসজিদের এই করুণদশা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ তিনি অবিলম্বে ছাদ দিয়ে পানি পড়া বন্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

জি কে গউছের এই বক্তব্যের জবাবে ডেপুটি স্পিকার রসিকতার ছলে জানান, সংসদের ছাদ থেকে পানি পড়ার বিষয়টি আসলেই জেনেছেন। তবে কষ্টের কথা কাকে বলবেন, বৃষ্টির দিনে তিনি যখন নিজের ঘরে ঘুমাতে যান, তখন তাঁর ঘরের ছাদেও (সংসদ এলাকার বাসভবন) পানি পড়ে। ফলে তাঁকেও ঘরের মেঝেতে বাটি দিয়ে পানি আটকে রাখার ব্যবস্থা করতে হয়। নিজের ঘরের এমন অসহায়ত্বের কথা জানিয়ে তিনি পুরো সংসদকক্ষে এক হালকা ও হাস্যরসাত্মক পরিবেশের সৃষ্টি করেন।

এরপর ফ্লোর নেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানান, সংসদ ভবনে পানি পড়ার বিষয়টি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে গতকাল রোববার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। ভবনের যতগুলো জায়গা থেকে পানি পড়ার সমস্যা রয়েছে, তা মেরামতের কাজ গতকাল থেকেই শুরু করেছে গণপূর্ত মন্ত্রণালয়। আগামী এক সপ্তাহের মধ্যে এই সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চিফ হুইপের বক্তব্যের পর গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, চিফ হুইপ যে পূর্ত মন্ত্রণালয়ের কথা বললেন, সেই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তো পেছনেই বসে আছেন। তিনি যদি এই বিষয়ে কিছু বলতেন, তবে সবাই আশ্বস্ত হতে পারতেন এবং বৃষ্টির দিনে অন্তত শান্তিতে ঘুমাতে পারতেন।

ডেপুটি স্পিকারের এই আহ্বানের জবাবে গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, চিফ হুইপ ইতিমধ্যেই এই বিষয়ে মন্ত্রণালয়ের মনোযোগ আকর্ষণ করেছেন। তারা ভবনের ছাদ সংস্কারে সর্বাত্মক বন্দোবস্ত নিয়েছে এবং খুব দ্রুতই এর স্থায়ী প্রতিকার হয়ে যাবে।

এলডিসি থেকে টেকসই উত্তরণে আরও ৩ বছর সময় চায় বাংলাদেশ

উন্নয়ন মানে শুধু রাস্তা-ঘাট নির্মাণ নয়, স্বাস্থ্য-শিক্ষা-জীবনমানও গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

মন্ত্রণালয় সম্পর্কিত আরও ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি

‘প্রশ্নের উত্তর আসছে না’, তথ্যপ্রযুক্তিমন্ত্রীকে থামালেন ডেপুটি স্পিকার

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ অর্ধেক কমছে

সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট

ধর্ম-বর্ণ-নি‌র্বিশে‌ষে সবাই মি‌লে স্বৈরাচার‌কে হটি‌য়ে‌ছে: বৃক্ষ‌রোপণ কর্মসূচি‌তে প্রধানমন্ত্রী

সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগে শুনানি ১৯ জুলাই

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি

সেতুর টোল মওকুফ না করার ইঙ্গিত সড়কমন্ত্রীর