ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে প্রতি লিটার ৯৬ টাকা ৮৬ পয়সা থেকে বেড়ে ১০৮ টাকা ৭৮ পয়সা হয়েছে। আজ বুধবার রাত ১২টার পর নতুন দর কার্যকর হবে।
আজ এ-সংক্রান্ত আদেশ জারি করেছে বিইআরসি। বিদ্যুৎ উৎপাদনে দেশে বছরে প্রায় ২০ লাখ টন ফার্নেস অয়েল ব্যবহার হয়। ফলে দাম বাড়ায় জ্বালানি তেলনির্ভর বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বাড়তে পারে।
এর আগে টানা দুই মাস ফার্নেস অয়েলের দাম কমিয়েছিল কমিশন। গত ৩০ জুন প্রতি লিটারের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা করা হয়। পরের দুই মাসে তা আরও কমে ৯৬ টাকা ৮৬ পয়সায় নামে। এবার একধাক্কায় ১১ টাকা ৯২ পয়সা বাড়ানো হলো।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করছে বিইআরসি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১-এর দাম নির্ধারণের এখতিয়ার কমিশনকে দেওয়া হয়। পরের বছরের জানুয়ারিতে গণশুনানির পর ২২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে বিইআরসি। এর পর থেকে প্রতি মাসে আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে নতুন দর ঘোষণা করছে কমিশন।