২০২৭ সালের হজের বর্ধিত কোটায় ও সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের জন্য ১৬ থেকে ২২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সরকার।
আজ সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ২০২৭ সালের জন্য প্রথমে হজে বাংলাদেশের কোটা ছিল ৭৮ হাজার ৫০০টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় সাড়ে ৭২ হাজার। পরে বাংলাদেশ সরকারের অনুরোধে সৌদি আরব বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা পাঁচ হাজার বাড়িয়ে ৮৩ হাজার ৫০০ করেছে।
আজ সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত হজে যেতে বেসরকারি মাধ্যমে ৭২ হাজার ৪২৫ জন ও সরকারি মাধ্যমে ৫ হাজার ১৩২ জন নিবন্ধন করেছেন।
ধর্ম মন্ত্রণালয় বলছে, নির্ধারিত সময়ের মধ্যে হজের বর্ধিত কোটায় ও সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন করতে হবে। বর্ধিত বা অব্যবহৃত কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।