হোম > জাতীয়

সম্পদ বিবরণী না দেওয়ায় টুকুর ছেলের নামে মামলা করছে দুদক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে সাবেক ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুর ছেলে পাবনার বেড়া পৌরসভার সাবেক মেয়র এস এম আসিফ শামসের নামে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম। তিনি জানান, নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী না দেওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ধারায় তাঁর বিরুদ্ধে একটি নন-সাবমিশন মামলা দায়ের করা হবে।

দুদক জানায়, এস এম আসিফ শামস সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুর ছেলে। টুকুর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধে জড়িয়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সময় তার ছেলে আসিফ শামসের সম্পদের হিসাব নেওয়ার উদ্যোগ নেয় দুদক।

অনুসন্ধানকারী কর্মকর্তা আসিফ শামসের নামে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ করেন। পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর নামে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়।

দুদকের নথিতে বলা হয়েছে, আসিফ শামসের স্থায়ী ঠিকানায় সম্পদ বিবরণী ফরম পাঠানো হয়। দুই সাক্ষীর উপস্থিতিতে গত ১৬ জানুয়ারি তার কাছে সম্পদ বিবরণী ফরম জারি করা হয়। আইন অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের জন্য তাকে ২১ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। গত ১৮ ফেব্রুয়ারি সেই সময়সীমা শেষ হলেও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। এমনকি সময় বাড়ানোর জন্যও কোনো আবেদন করেননি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে নন-সাবমিশন মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন।

দুদকের নথিতে আরও বলা হয়েছে, শামসুল হক টুকুর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর মামলা করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

এ ছাড়া টুকুর অপর ছেলে এস এম নাসিফ শামস এবং তাঁর স্ত্রী মুমতাহিনা মোস্তফার বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে। তাদের বিষয়টি বর্তমানে দুদকের অনুসন্ধানে রয়েছে।

আজিমপুর সরকারি কোয়ার্টারে অপরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রী ক্ষুব্ধ, ২ সপ্তাহের মধ্যে বাসযোগ্য করার নির্দেশ

মিরপুর-১০ নম্বরের দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর

দুর্গাপূজায় নাশকতার হুমকির তথ্য নেই, স্বার্থান্বেষী মহল চেষ্টা করতে পারে: ফায়ার সার্ভিস

অগ্নিনিরাপত্তা লাইসেন্স নেই টুপটুপ রিসোর্টের, জুনে দেওয়া হয় নোটিশ: ফায়ার সার্ভিসের ডিজি

স্মৃতিবিজড়িত ঢাকা রেসিডেনসিয়াল কলেজে প্রধানমন্ত্রী, দিলেন দেশ গড়ার বার্তা

শিশু হাসপাতালে কক্ষেই চিকিৎসকের ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগের হামলার পরও সাংবাদিক আলিফের নিরাপত্তা নিশ্চিত না হওয়া উদ্বেগজনক: আসক

আপত্তি ও কাটছাঁটে আটকে আছে নদী কমিশন আইন

জুলাই সনদের ১ বছর: স্বাক্ষরেই থমকে আছে সংস্কার

ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা চাওয়ার পরিস্থিতি দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী