চা-শ্রমিকদের সর্বনিম্ন মজুরি আগামী আগস্ট মাসে পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে চা-শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৫০০ টাকা করার সিদ্ধান্তের প্রস্তাবের ওপর মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলামের আলোচনার পরিপ্রেক্ষিতে মন্ত্রী এসব কথা জানান। পরে সংসদ সদস্য চা-শ্রমিকদের মজুরি কত টাকা বৃদ্ধি হবে, তা মন্ত্রীর কাছে জানতে চান।
জবাবে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী বলেন, ওয়েজ বোর্ড আগামী আগস্ট মাসে এ বিষয়ে বৈঠক করবে। প্রতি তিন বছর পর পর ৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধির একটি রেওয়াজ রয়েছে। সে অনুযায়ী আগামী আগস্ট মাসে তাদের সভা হবে।
মন্ত্রী বলেন, ‘আমরা বিষয়টির প্রতি নজরদারি রাখব, যাতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া যায়। আমরা চেষ্টা করব শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে।’
এর আগে আরিফুল হক চৌধুরী বলেন, সরকার চা-শিল্পের টেকসই উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সার্বিক জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
শ্রম আইন অনুযায়ী নির্ধারিত সময় অন্তর শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয় বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, সরকার চা-শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে বদ্ধপরিকর। সংসদ সদস্যের উত্থাপিত প্রস্তাবে প্রতিফলিত জনস্বার্থ ও জনকল্যাণের বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।