২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হবে। এ দিন বাংলাদেশে সাধারণ ছুটি।
আজ বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ১৪ আগস্ট (শুক্রবার) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। আর ১৫ আগস্ট (শনিবার) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা শুরু হবে। ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে উদ্যাপিত হয়।
ধর্মবিষয়ক সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
সভায় রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের সব কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে রাতে ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন ১২ রবিউল আউয়াল। সারা বিশ্বের মুসলমানেরা দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। সৌদি আরবের মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি মারা যান।