হোম > জাতীয়

ইউনেসকো প্রতিনিধির জুলাই জাদুঘর পরিদর্শন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সংগ্রহে এমন কিছু গুরুত্বপূর্ণ নথি ও স্মারক রয়েছে, যা ২০২৪ সালের জুলাই ও আগস্টের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ইউনেসকোর প্রতিনিধি ড. সুসান ভাইজ। জুলাই জাদুঘর পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন।

আজ বুধবার দুপুরে জুলাই জাদুঘরে আসেন সুসান ভাইজের নেতৃত্বে ইউনেসকো বাংলাদেশের একটি প্রতিনিধিদল। তাঁদের স্বাগত জানান জুলাই জাদুঘরের মহাপরিচালক এহ্‌সান মাহমুদ। এ সময় মহাপরিচালকের সঙ্গে ইউনেসকো বাংলাদেশের প্রতিনিধিদলের মতবিনিময় হয়। সেখানে তিনি শিক্ষা, গবেষণা ও ঐতিহ্য বিষয়ে ইউনেসকোর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এ বিষয়ে এহ্‌সান মাহমুদ বলেন, ‘আমরা জুলাই জাদুঘরকে শুধু পরিদর্শনের জায়গা হিসেবে নয়, বরং একটি ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা ও গবেষণার ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চাই। এই কাজ এগিয়ে নিতে ইউনেসকোর সঙ্গে আমরা যৌথভাবে কাজ করার ব্যাপারে আগ্রহী।’

ইউনেসকো বাংলাদেশ অফিস প্রধান সুসান ভাইজ জুলাই জাদুঘরের গ্যালারিগুলো ঘুরে দেখেন। তিনি বলেন, জাদুঘরটিতে এমন কিছু গুরুত্বপূর্ণ নথি ও স্মারক সংগ্রহ দেখানো হয়েছে, যা ২০২৪ সালের জুলাই ও আগস্টের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে।

সুসান ভাইজ আরও বলেন, জুলাই-আগস্টের ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন এবং স্বজন হারিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দলিলগুলো যথাযথভাবে সংরক্ষণ করা উচিত।

জুলাই জাদুঘর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ইউনেসকো বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রধান নরিহিদি ফুরুকাওয়া এবং সংস্কৃতি প্রধান কিযী তাহনিন।