• নভেম্বরে ১৩ দিনে ৩৮ নাশকতায় উদ্বেগ
• রেলপথের নিরাপত্তা জোরদারে বিশেষ সভা
• স্টেশন ও ট্রেনে স্ক্যানার-সিসি ক্যামেরার প্রস্তাব
• নাশকতা ঠেকাতে থাকবে কুইক রেসপন্স টিম
রেলপথে নাশকতার ঘটনা বাড়তে থাকায় যাত্রী, ট্রেন ও রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত মাত্র ১৩ দিনে রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলে ৩৮টি নাশকতার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে নাশকতা প্রতিরোধ ও রেলপথের নিরাপত্তা জোরদার করতে আগামী ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাসের জন্য ২ হাজার আনসার এবং ৫০০ ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েনের প্রস্তাব দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
অতিরিক্ত জনবল মোতায়েন ছাড়াও রেলপথের নিরাপত্তাব্যবস্থায় বেশ কিছু নতুন উদ্যোগের পরিকল্পনাও করা হচ্ছে। স্টেশনে যাত্রীদের ব্যাগ ও লাগেজ তল্লাশি, গুরুত্বপূর্ণ স্টেশনে সিসি ক্যামেরা স্থাপন, অরক্ষিত প্রবেশপথ বন্ধ, রেললাইনে গোয়েন্দা নজরদারি এবং ট্রেন ও স্টেশনে ২৪ ঘণ্টা যৌথ টহলের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি নাশকতা বা সহিংসতার ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে কুইক রেসপন্স টিম ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখার পরিকল্পনা রয়েছে।
যাত্রী নিরাপত্তা এবং রেলওয়ের সংবেদনশীল স্থাপনা ও লাইন সুরক্ষায় করণীয় নির্ধারণে গত বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলাবিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় এসব প্রস্তাব তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, নাশকতার ঘটনা বিবেচনায় নিয়ে আগামী ডিসেম্বর ও আসন্ন নতুন বছরের জানুয়ারি এই দুই মাসের জন্য ২ হাজার আনসার সদস্য মোতায়েনের অনুরোধ জানিয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। অন্যদিকে ৫০০ ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েনের জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে রেলওয়ে পুলিশ।
বিষয়টি নিয়ে জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ২ হাজার অঙ্গীভূত আনসার মোতায়েনের পরিকল্পনা দিয়েছি। সেই পরিকল্পনা অনুযায়ী তাঁদের মোতায়েন করা হয়েছে। আর ৫০০ ব্যাটালিয়ন আনসার সদস্য জিআরপির সঙ্গে কাজ করবেন। তাঁরা শনিবার থেকে মোতায়েন হয়েছেন। রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর নির্দেশনা অনুযায়ী তাঁরা স্টেশন ও স্টেশনসংলগ্ন নির্ধারিত এলাকায় দায়িত্ব পালন করবেন।’
রেল মন্ত্রণালয়ের সভার দেওয়া তথ্য অনুযায়ী, ৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত রেলের পূর্বাঞ্চলে ২১টি এবং পশ্চিমাঞ্চলে ১৭টি নাশকতার ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় তিনটি নাশকতার ঘটনা ঘটেছে। এত অল্প সময়ে এত অঘটন ঘটায় রেলপথের বিদ্যমান নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
রেলপথে নাশকতা শুধু সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত করে না, এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে অনেক যাত্রী হতাহত হওয়ার আশঙ্কাও থাকে। বিশেষ করে রেললাইনের নাট-বল্টু ও ফিশপ্লেট খুলে ফেলা কিংবা ট্রেনে আগুন দেওয়ার মতো ঘটনা বড় বিপর্যয় ডেকে আনতে পারে। এ কারণে নিরাপত্তার বিষয়টিকে শুধু স্টেশন ও ট্রেনের মধ্যে সীমাবদ্ধ না রেখে রেললাইন, ইয়ার্ড, পার্কিং এলাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ।
নভেম্বরে ৩৮টি নাশকতার ঘটনা ও রেলের নিরাপত্তার দুর্বলতার প্রসঙ্গে জানতে চাইলে রেলসচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতি এর একটি কারণ হতে পারে। বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে এসব ঘটনা ঘটেছে। নিরাপত্তার ক্ষেত্রে আমাদের কোনো ঘাটতি ছিল না। তারপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করছি।’
রেলওয়ের নিরাপত্তা জোরদারে স্টেশনের প্রবেশপথকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, দেশের সব স্টেশনে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। প্রধান প্রবেশপথে যাত্রীদের ব্যাগ ও লাগেজ এক্স-রে স্ক্যানার অথবা মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা করার কথা বলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে দ্রুত সিসি ক্যামেরা স্থাপন এবং আগে থেকে থাকা অচল ক্যামেরাগুলো সচল করার প্রস্তাব রয়েছে।
রেলের অরক্ষিত সীমানাপ্রাচীর ও অননুমোদিত প্রবেশপথ বন্ধ করার কথা বলা হয়েছে। ট্রেন স্টেশনে, ইয়ার্ডে কিংবা বিরতিতে অপেক্ষমাণ থাকলে নিরাপত্তার দায়িত্ব যথাযথভাবে বুঝিয়ে দেওয়া এবং দায়িত্ব পালনের তথ্য লগবুকে সংরক্ষণের প্রস্তাব রয়েছে। এ ক্ষেত্রে ১৯৮৫ সালের সিকিউরিটি ম্যানুয়াল অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
রেললাইনের নাট-বল্টু ও ফিশপ্লেট খুলে দুর্ঘটনা ঘটানোর অপচেষ্টা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। ছদ্মবেশে থাকা দুষ্কৃতকারীদের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে ২৪ ঘণ্টা যৌথ টহল জোরদারের প্রস্তাব রয়েছে। এ জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশের (জিআরপি) মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। চলন্ত ট্রেনে দায়িত্ব পালনকারী রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী, আরএনবি ও জিআরপি সদস্যদের আরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়ার কথাও রয়েছে।
নাশকতার পাশাপাশি ট্রেন ও রেলওয়ের স্থাপনায় অগ্নিকাণ্ডের ঝুঁকিও বিবেচনায় নেওয়া হয়েছে। স্টেশন, ট্রেন ও বিভিন্ন স্থাপনায় থাকা অগ্নিনির্বাপক যন্ত্রের কার্যকারিতা ও মেয়াদ যাচাই করার প্রস্তাব রয়েছে। আগুন লাগলে দ্রুত নিয়ন্ত্রণে আনতে রেলওয়ের কর্মচারী, আরএনবি ও জিআরপি সদস্যদের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের নিয়মিত অনুশীলনের প্রস্তাব রয়েছে।
রেলওয়ের স্থাপনাগুলোর আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পেলেই ব্যবস্থা নিতে ট্রেন ও স্টেশনে কুইক রেসপন্স টিম এবং স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করা এবং গণমাধ্যমে প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এসব উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ রেলওয়ে, রেলওয়ে পুলিশ, আরএনবি, পুলিশ সদর দপ্তর, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
দৃষ্টি আকর্ষণ করা হলে যোগাযোগ বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক বলেন, ‘সাময়িকভাবে জনবল বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। রেলপথের নিরাপত্তায় বিদ্যমান ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে নিয়মিত নজরদারি ও কার্যকর স্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে হবে।’