হোম > জাতীয়

সাবেক এমপি ফাহমী গোলন্দাজ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। ফাইল ছবি

কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ময়মনসিংহ-১০ আসনের সাবেক এমপি ফাহমী গোলন্দাজ বাবেল ও তাঁর স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ।

দুদকের তদন্তে শারমিন গোলন্দাজের নামে ১ কোটি ২ লাখ ৯৭ হাজার ৫৭৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে তাঁর ব্যাংক হিসাবে ১ কোটি ৬০ লাখ ৬৯ হাজার ২৪০ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

তদন্তে ফাহমী গোলন্দাজকে সহযোগী আসামি করা হয়েছে। স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতা করার অভিযোগে তাঁকে আসামি করা হয় বলে তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে।

দুদক ২০২৪ সালের অক্টোবরে ফাহমী গোলন্দাজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে। পরে ২০২৫ সালের ১৬ জানুয়ারি তাঁর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়। এর মধ্যে একটি মামলায় সোমবার চার্জশিট অনুমোদন করা হয়েছে।