হোম > জাতীয়

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

বাসস, ঢাকা  

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় ও দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

আজ সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে দেওয়া এক বার্তায় এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এক অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেই সঙ্গে, তিনি তাঁর সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

সেই সঙ্গে, পৃথক পৃথক অভিনন্দন বার্তায় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এবং শপথ গ্রহণ উপলক্ষে মির্জা ফখরুল ইসলামকে শুভেচ্ছা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, উপ-প্রধানমন্ত্রী ও প্রেসিডেনশিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানও এ উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন।

দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।

উল্লেখ্য, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল, জনশক্তি ও জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। ইউএইতে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী বসবাস করেন। দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক জোরদারে তাঁরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।