হোম > জাতীয়

সরকারের নীতিগত পদক্ষেপের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র: মাহদী আমিন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে শনিবার প্রেস ব্রিফিং করেন উপদেষ্টা মাহ্দী আমিন।

যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছে। তারা (যুক্তরাষ্ট্র) উল্লেখ করেছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে এবং বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে এগিয়ে যাচ্ছে। গত পাঁচ মাসে সরকারের বিভিন্ন নীতিগত পদক্ষেপেরও প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।

আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে মাহ্দী আমিন এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বৈঠকের বিষয়ে এ কথা বলেন তিনি।

ওই বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক আলোচনা করেছে জানিয়ে মাহ্দী আমিন বলেন, বৈঠকে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র সৃষ্টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগ, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং এ লক্ষ্যে সরকারের নীতিগত সহায়তা নিয়েও মতবিনিময় হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র জানান, আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় ২৫টি শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ৪৫ জন শীর্ষ ব্যবসায়ী ও কর্মকর্তা বাংলাদেশ সফরে আসবেন। তারা বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে বৈঠক করবেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।

এ সফরের মাধ্যমে নতুন বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্বের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে সরকার আশা করছে।

মাহ্দী আমিন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কিত তাদের ট্রাভেল অ্যাডভাইজরি লেভেল-৩ থেকে লেভেল-২-এ উন্নীত করেছে। সরকারের মতে, এটি আন্তর্জাতিক বিনিয়োগকারী, ব্যবসায়ী ও পর্যটকদের কাছে বাংলাদেশকে একটি স্থিতিশীল, নিরাপদ ও বিনিয়োগবান্ধব গন্তব্য হিসেবে ইতিবাচক বার্তা দেবে।

প্রধানমন্ত্রী এ উপদেষ্টা বলেন, দুই দেশের আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন এবং বহুমাত্রিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। এর ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়নের গতি বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে বলে সরকার বিশ্বাস করে।

এদিকে একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদেরও একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিনিয়োগ পরিবেশ, শিল্পায়ন, কর্মসংস্থান, বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, বৈঠকে বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি নিরসন, জ্বালানি নিরাপত্তা জোরদার, কর ব্যবস্থার সংস্কার, বিনিয়োগবান্ধব নীতিমালা প্রণয়ন এবং বেসরকারি খাতের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া বিসিক, বেজা, বেপজা ও অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করার বিষয়েও আলোচনা হয়েছে।

মাহ্দী আমিন বলেন, সরকার একটি স্থিতিশীল, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জনবান্ধব বাজেট ও গণমুখী নীতিমালার বাস্তবায়নের মাধ্যমে তরুণ ও নারীদের কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানোই সরকারের অন্যতম লক্ষ্য।

প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহ্দী আমিন বলেন, বেসরকারি খাতের প্রতিনিধিরা সরকারের বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং প্রধানমন্ত্রীর কাছে তাদের সমস্যাগুলো তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী সেগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং সমাধানের বিষয়ে আশ্বাস দিয়েছেন।

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

চীনের এআই জোটে পর্যবেক্ষক হচ্ছে বাংলাদেশ

বিমান খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে: মন্ত্রী আফরোজা খানম

জুলাইয়ের চেতনা মহান মুক্তিযুদ্ধের চেতনারই বর্ধিত প্রবাহ: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে গরের বৈঠক: সরকারে আস্থা যুক্তরাষ্ট্রের, বিনিয়োগের ইঙ্গিত

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারকেরা

আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত অনেক শিশু: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, রোগীদের ভোগান্তি কমার আশা

প্রধানমন্ত্রীর সঙ্গে গরের বৈঠক: স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: সামনের সারি থেকে অস্তিত্বের লড়াইয়ে