হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বুধবার এদিন ধার্য করেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, তাঁরা প্রয়োজনীয় সব নথিপত্র /এখনো পাননি। সে কারণে সময় চেয়ে আবেদন করেন তিনি। পরে ট্রাইব্যুনাল ১ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। এর আগে গত ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন এই মামলার আসামি। তাঁদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন ১১ জন। বাকিরা পলাতক।
গ্রেপ্তার থাকা আসামিদের মধ্যে রয়েছেন–আবদুল লতিফ সিদ্দিকী, হাসানুল হক ইনু, আব্দুর রাজ্জাক, সাবেক দীপু মনি, মো. শামসুল হক টুকু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক ডিআইজি মোহা. আবদুল জলিল মন্ডল, একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।