হোম > জাতীয়

পদত্যাগপত্রে যা বলেছেন ওসমান ফারুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক। ছবি: সংগৃহীত

শারীরিক জটিলতা ও চিকিৎসার কারণে জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ড. মুহাম্মদ ওসমান ফারুক। সম্প্রতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বরাবর তিনি এ পদত্যাগপত্র পাঠান। চিঠিতে গত শনিবার (১৪ নভেম্বর) থেকে তাঁর পদত্যাগ কার্যকর করার কথা উল্লেখ করেন এই এমপি।

এমপি ওমর ফারুকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সংসদ অধিবেশন শুরুর পর স্পিকার পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন এবং তাঁর সংসদীয় কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্রে পাওয়া—পদত্যাগপত্রে ওসমান ফারুক উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছেন। এ পরিস্থিতিতে তাঁর স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে।

চিঠিতে ওসমান ফারুক বলেন, কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাঁদের সেবা করার সুযোগ পাওয়া তাঁর জীবনে বিরাট সম্মান ও গৌরবের বিষয়।

পদত্যাগের সিদ্ধান্তকে কঠিন ও বেদনাদায়ক উল্লেখ করেছেন এমপি। ওমর ফারুক চিঠিতে বলেছেন, জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে তিনি গভীরভাবে মর্মাহত। সে সঙ্গে তাঁর এ সিদ্ধান্তে স্পিকার, সংসদে তাঁর সম্মানিত সহকর্মী ও কিশোরগঞ্জের মানুষ হতাশ হবেন না বলে আশা প্রকাশ করেছেন তিনি।

চিঠিতে জাতীয় সংসদের স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুহাম্মদ ওসমান ফারুক। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ উপ-অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে স্পিকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। একসঙ্গে দায়িত্ব পালনের সময় স্পিকারের আন্তরিক সৌজন্য, সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান এই এমপি।