হোম > জাতীয়

ঢাকায় পদায়নে ১৮ সাব-রেজিস্ট্রারকে লটারিতে বাছাই

আজকের পত্রিকা ডেস্ক­

মঙ্গলবার সচিবালয়ে লটারিতে ১৮ সাব-রেজিস্ট্রারকে নির্বাচন করেন আইনমন্ত্রী। ছবি: সংগৃহীত

সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনিয়ম ও দুর্নীতির সিন্ডিকেট ভাঙতে ঢাকার ১৮টি স্টেশনের জন্য লটারির মাধ্যমে ১৮ জন সাব-রেজিস্ট্রার নির্বাচন করা হয়েছে। দেশের ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন কর্মকর্তার মধ্য থেকে তাঁদের বাছাই করা হয়।

আজ মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে লটারির মাধ্যমে এই বদলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আগামী সাত দিনের মধ্যে নির্বাচিত এসব কর্মকর্তার পদায়ন আদেশ জারি করা হবে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাব-রেজিস্ট্রারদের পদায়ন নিয়ে দীর্ঘদিন ধরে নানা নেতিবাচক ধারণা রয়েছে। বিশেষ করে, ঢাকার পোস্টিংগুলোকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে গণ্য করা হয় এবং কিছু এলাকা জনমনে ‘দুর্নীতির আখড়া’ হিসেবে পরিচিতি পেয়েছে।

আইনমন্ত্রী বলেন, ‘পাবলিক পারসেপশনে যেসব এলাকাকে দুর্নীতির আখড়া মনে করা হয়, সেসব স্টেশনের সিন্ডিকেট ভাঙতেই আমরা এই লটারি পদ্ধতির উদ্যোগ নিয়েছি।’

মন্ত্রী জানান, ঢাকার মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হলেও পর্যায়ক্রমে দেশের অন্য যেসব জায়গায় দুর্নীতির অভিযোগ রয়েছে এবং যেসব পদায়নকে প্রাইজ পোস্টিং ধরা হয়, সেখানেও পদায়নের ক্ষেত্রে লটারির মাধ্যমে স্বচ্ছতা আনা হবে।

আইন মন্ত্রণালয় জানায়, লটারিতে নির্বাচিত ১৮ জন কর্মকর্তাকে সরাসরি স্টেশনে পদায়ন না দিয়ে প্রথমে তাঁদের সাক্ষাৎকার নেওয়া হবে। এই সাক্ষাৎকারের মাধ্যমে কর্মকর্তাদের কর্মদক্ষতা ও কাজের চাপ সামলানোর ক্ষমতা মূল্যায়ন করে নির্দিষ্ট ১৮টি স্টেশনে তাঁদের পদায়ন বণ্টন করা হবে।

একই সঙ্গে, দায়িত্ব নেওয়ার পর এসব কর্মকর্তা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কি না, তা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৪ ঘণ্টা তদারকিতে (মনিটরিং) রাখা হবে বলে জানান আইনমন্ত্রী।

আইন মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে সারা দেশে মোট ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত রয়েছেন এবং ১৩৯টি পদ শূন্য রয়েছে। কর্মরত কর্মকর্তাদের মধ্যে ‘এ’ ক্যাটাগরির কর্মকর্তা রয়েছেন ১৩১ জন। তাঁদের মধ্য থেকেই লটারির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ঢাকার গুরুত্বপূর্ণ ১৮টি স্টেশনের জন্য এই পদায়নপ্রক্রিয়া শুরু হলো।