হোম > জাতীয়

মির্জা ফখরুলের অপেক্ষায় বঙ্গভবনের দরবার হল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: আজকের পত্রিকা

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথকে ঘিরে বঙ্গভবনে এখন উৎসবমুখর পরিবেশ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তাঁর শপথ নেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে আমন্ত্রিত অতিথিরা একে একে বঙ্গভবনে প্রবেশ করছেন।

সন্ধ্যা ৭টা দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। সেখান থেকে তিনি বঙ্গভবনের উদ্দেশে রওনা হন।

শপথ অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বঙ্গভবনে আসতে শুরু করেছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রী রহমান বঙ্গভবনে প্রবেশ করেন। এছাড়া তিন বাহিনীর প্রধানসহ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদেরও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

বঙ্গভবনে প্রবেশের ক্ষেত্রে অতিথিদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বঙ্গভবন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন এলাকার যান চলাচলেও বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে এসব নির্দেশনা প্রযোজ্য নয়।

দরবার হলও শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়েছে। নির্ধারিত সময়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে আসবেন। এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান দরবার হলে যাবেন।

ছবি: আজকের পত্রিকা

রাষ্ট্রপতির শপথের পর বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন পাচ সদস্যের শপথও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাঁরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ন কবির।।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পর নতুন রাষ্ট্রপতিই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়াবেন বলে জানা গেছে। ফলে একই সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ এবং মন্ত্রিসভা সম্প্রসারণ—দুটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে যাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৩টি ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। একই দিন নির্বাচন কমিশন তাঁকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে।

শপথের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ সম্পন্ন হবে। একই সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের দায়িত্বেরও অবসান হবে।

সব মিলিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বঙ্গভবনে বাড়ছে অতিথিদের ভিড়। দরবার হলে প্রস্তুত সবকিছু। এখন অপেক্ষা শুধু নির্ধারিত সময়ের—যখন শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।