অবৈধ অভিবাসনসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করে সরকারের জারি করা প্রজ্ঞাপন চেম্বার আদালতে বহাল রয়েছে। আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন।
আদেশের বিষয়টি নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, গত ১৯ জুলাই ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করে সরকার প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে একটি এজেন্সি রিট করলে হাইকোর্ট প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করেন। পরে আপিল বিভাগে গেলে ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের আদেশ স্থগিত হয়। পরবর্তীতে আরও ১১টি এজেন্সি রিট করে হাইকোর্ট থেকে স্থগিতাদেশ পায়। এর বিরুদ্ধে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আপিল বিভাগে আবেদন করলে রোববার চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
গত ১৯ জুলাই জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, অনুমোদন ও লাইসেন্সের শর্ত ভঙ্গ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় আদালতে অভিযোগপত্রও দাখিল হয়েছে। এসব বিবেচনায় নিয়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ১৩ ধারা অনুযায়ী তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে।