হোম > জাতীয়

শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের ভূমিকা অনন্য: স্বাস্থ্যমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

মায়ের দুধের পুষ্টিগুণের কোনো বিকল্প নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘শুধু ভিটামিন বা সম্পূরক খাদ্য দিয়ে একটি সুস্থ জাতি গঠন সম্ভব নয়। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের ভূমিকা অনন্য এবং দীর্ঘমেয়াদি।’ আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একটি ভিটামিন বা একটি ওষুধ খেয়ে জীবন চলে না। কিন্তু মায়ের দুধ এমন একটি প্রাকৃতিক পুষ্টি, যা শিশুর শরীর গঠন করে এবং এর প্রভাব দীর্ঘস্থায়ী হয়।’

স্বাস্থ্যমন্ত্রী জানান, জন্মের পরপরই শিশুকে শালদুধ (কলস্ট্রাম) খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এতে রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান থাকে। তিনি উদ্বেগ প্রকাশ করেন, বর্তমানে অনেক মা বুকের দুধ খাওয়াতে আগ্রহ হারাচ্ছেন, যা উদ্বেগজনক। গ্রামীণ নারীরা এখনো দুই বছর পর্যন্ত শিশুদের বুকের দুধ খাওয়ান, কিন্তু শহুরে ও শিক্ষিত মায়েদের মধ্যে এই প্রবণতা কমছে।

মন্ত্রী আরও বলেন, ‘ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধ এবং এরপর দুই বছর পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি পুষ্টিকর সম্পূরক খাবার দেওয়া উচিত।’ এ বিষয়ে পুষ্টিকর্মীদের ঘরে ঘরে গিয়ে সচেতনতা তৈরির আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবকিছু ওষুধ দিয়ে সম্ভব নয়। কাউন্সেলিংয়ের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। পুষ্টি মানেই শুধু শরীর নয়, এটি মেধা ও কর্মক্ষমতা বৃদ্ধিরও শক্তি।

দেশে সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপুষ্টির কারণে শিশুদের মধ্যে নানা জটিলতা বাড়ছে। তাই পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং মায়ের দুধ নিশ্চিত করা জরুরি। শুধু সেমিনার বা কাগজে-কলমে নয়, পুষ্টি বার্তাগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে হবে। এ জন্য সরকারি-বেসরকারি সংস্থা, পুষ্টিকর্মী ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অভিভাবকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিতের পাশাপাশি তাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাসেও নজর দিতে হবে। ফাস্ট ফুড-নির্ভরতা কমিয়ে শাকসবজি, মাছ-মাংসসহ সুষম খাদ্য গ্রহণে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

ব্রিকসে অংশগ্রহণ ও এসসিওর অংশীদার হতে বাংলাদেশকে চীনের সমর্থন

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন শনিবার

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বিধানসভায় ১০ হাজার পুশব্যাকের বিষয়ে বাংলাদেশে দালিলিক তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের পথে প্রধানমন্ত্রী

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরে আগ্রহ বেইজিংয়ের

সীমান্ত দিয়ে মাদক পাচার ঠেকাতে কঠোর হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে ১৭টি সমঝোতা স্মারক সই

বেনজীরকে ফেরানোর বিষয়ে আমিরাত সরকার এখনো কিছু জানায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক