নারায়ণগঞ্জসহ দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে। পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিটে আরও ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই দিনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার আট কর্মকর্তার দপ্তর ও দায়িত্বে রদবদল করা হয়েছে।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক তিন প্রজ্ঞাপন ও ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা পৃথক দুটি অফিস আদেশে এসব বদলির নির্দেশ দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার মো. ফজলে এলাহীকে মাদারীপুরের পুলিশ সুপার, ডিএমপির কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমানকে পিরোজপুরের পুলিশ সুপার ও পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
আরও এক প্রজ্ঞাপনে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার শামীমা ইয়াসমিনকে ঢাকার টিডিএসে, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. জসীম উদ্দিনকে নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার রাশিদা বেগমকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি ও চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে ডিএমপির তিন উপপুলিশ কমিশনারকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগের আজাদ রহমানকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে ও সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়া পাঁচ অতিরিক্ত উপপুলিশ কমিশনারের দপ্তরেও রদবদল হয়েছে। গোয়েন্দা মিরপুর বিভাগের মো. সোনাহার আলীকে গোয়েন্দা গুলশান বিভাগে ও কোয়ার্টার মাস্টার বিভাগের মো. সাজ্জাদ হোসেনকে ক্যান্টনমেন্ট জোনে পদায়ন করা হয়েছে।
ক্যান্টনমেন্ট জোনের মোহাম্মদ আবির হাসানকে স্টাফ অফিসার টু কমিশনার, গোয়েন্দা রমনা বিভাগের মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে ও পিওএম-পূর্ব বিভাগের মো. নজরুল ইসলামকে গোয়েন্দা রমনা জোনাল টিমে বদলি করা হয়েছে।