হোম > জাতীয়

অক্সফোর্ডের অনারারি ফেলো হলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ । ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে ‘অনারারি ফেলোশিপ’ দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যের এ বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজ থেকে একসময় প্রথম শ্রেণিতে আইন শাস্ত্রে ডিগ্রি পেয়েছিলেন সৈয়দ রেফাত আহমেদ।

এক চিঠিতে ওয়াডাম কলেজের ওয়ার্ডেন রবার্ট হ্যানিং বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ওয়াডাম কলেজের গভর্নিং বডি আপনাকে সম্মানসূচক ফেলোশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আশা করি, আপনি এই সম্মাননা নিতে সম্মত হবেন।’

সম্মানসূচক এই ফেলোশিপ আজীবনের জন্য। একজন ফেলো হিসেবে বিচারপতি রেফাত আহমেদ কলেজের বিভিন্ন বার্ষিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশ নেওয়ার আমন্ত্রণ পাবেন। পাশাপাশি কলেজের বিভিন্ন সুযোগ-সুবিধা তিনি ব্যবহার করতে পারবেন। ফেলো হিসেবে আলাদা কোনো দায়িত্ব তাঁকে পালন করতে হবে না।

চিঠিতে বলা হয়েছে, সবচেয়ে বড় কথা হলো, এই ফেলোশিপের মাধ্যমে কলেজ আপনার সঙ্গে যুক্ত থাকার এবং আপনার অসাধারণ অর্জনগুলোকে স্বীকৃতি দেওয়ার সম্মান অনুভব করতে চায়।

চব্বিশের জুলাই অভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর গত বছরের আগস্টে বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতির দায়িত্ব নেন সৈয়দ রেফাত আহমেদ। সে সময় তিনি ছিলেন হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠতম বিচারক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রেফাত আহমেদ পরে আইন পড়তে অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়াডাম কলেজে যান। সেখানে ডিগ্রি পাওয়ার পর মাস্টার্স ও পিএইচডি করেন যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসিতে।

ব্যাংক খাতের আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করা রেফাত আহমেদ অভিবাসন আইন বিশেষজ্ঞ হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গেও কাজ করেছেন।

তিনি ১৯৮৪ সালে ঢাকা জেলা আদালতে ও ১৯৮৬ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে নিবন্ধিত হন। ২০০৩ সালের ২৭ এপ্রিল তিনি অতিরিক্ত বিচারক হিসেবে বাংলাদেশের হাইকোর্টে যুক্ত হন। দুই বছর পর হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হন।

তাঁর বাবা প্রয়াত সৈয়দ ইশতিয়াক আহমেদ ছিলেন বাংলাদেশের প্রথম অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, যিনি পরে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। সৈয়দ রেফাতের মা জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের অধ্যাপক ছিলেন।

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায় কাল

নির্বাচন পর্যবেক্ষণে নেওয়া হবে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা: ইসি সানাউল্লাহ

পাকিস্তানের ‘সেফ সিটি’ উদ্যোগ বাংলাদেশের জন্য অনুকরণীয়: সালাহউদ্দিন আহমদ

নতুন বেতনকাঠামো: সরকারি চাকরিতে ইনক্রিমেন্ট হার সমান থাকছে না

আইনজীবীদের অসদাচরণ: বার কাউন্সিলে ১৮৮টি অভিযোগ, শাস্তি নেই

১৫ আগস্টের মধ্যে স্থানীয় নির্বাচনের বিধিমালা চূড়ান্তের নির্দেশ

স্বাস্থ্যমন্ত্রী...সো বিজি: স্পিকার

এনসিপির সমাবেশে হামলায় সংসদে আখতারের ক্ষোভ, পরে যা বললেন আইনমন্ত্রী

সংসদে ‘খুল্লাম খুল্লা’ ফোন ব্যবহার, এমপিদের সতর্ক করলেন স্পিকার

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি চলবে বুধবারও