হোম > জাতীয়

গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় কাজ ও দায়িত্ব: রাষ্ট্রপতি

সিলেট প্রতিনিধি

সিলেট নগর ভবন প্রাঙ্গণে মঙ্গলবার বিকেলে সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। এখন গণতন্ত্রকে রক্ষা করা আমাদের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় দায়িত্ব। সরকারি ও বিরোধী দল উভয়েরই দায়িত্ব গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখা এবং সংসদকে কার্যকরভাবে পরিচালনা করা। অন্যান্য বিষয়ে দ্বিমত থাকতে পারে এবং সেগুলোও আলোচনা-পর্যালোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।

আজ মঙ্গলবার বিকেলে সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সকলের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, আমরা বারবার হোঁচট খেয়েছি। এ দেশের মানুষ বারবার রক্ত দিয়ে গণতন্ত্র অর্জন করেছে, বারবার বাঁধা এসেছে। আজ সেই সুযোগটি এসেছে আর তা যেন অবহেলায় না হারাই, এ কথা সব সময় মনে রাখতে হবে।

অতীতের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে সিলেটবাসীর উদ্দেশে রাষ্ট্রপতি মির্জা ফখরুল বলেন, আমি আগে একজন রাজনৈতিক দলের নেতা হিসেবে, কর্মী হিসেবে আপনাদের সঙ্গে কথা বলতাম! এখন আর সেভাবে কথা বলতে পারি না। কারণ আমি শপথ নিয়েছি- অত্যন্ত নিরপেক্ষভাবে কাজ করার এবং কথা বলার। কাজটি কঠিন হলেও করার সর্বোচ্চ চেষ্টা করব।

এখন দল-মত নির্বিশেষে এবং বর্ণ-গোষ্ঠী সকলের ঊর্ধ্বে উঠে কাজ করাই তাঁর মূল কাজ বলে মনে করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম।

সিলেটে বিভিন্ন জাতি-গোষ্ঠীর মানুষের মধ্যেকার সম্প্রীতি ও নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, সিলেট নিজেই অত্যন্ত গর্বিত একটি জায়গা। এখানে যাদের জন্ম হয়েছে, তারা বিভিন্ন সময়ে দেশের নেতৃত্ব দিয়েছেন, জাতির নেতৃত্ব দিয়েছেন, তারা অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন। সিলেটের নিজস্ব সংস্কৃতি আছে যেটি সম্পূর্ণ আলাদা।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন- রাষ্ট্রপতির সহধর্মিণী (ফার্স্ট লেডি) রাহাত আরা বেগম, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ, সাবেক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, স্থানীয় সংসদ সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এর আগে মঙ্গলবার সকালে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা থেকে রওনা দিয়ে বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি সেখান থেকে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহ পরান (র.) এর মাজার জিয়ারত করেন।