হোম > জাতীয়

বন্যা পরিস্থিতি: সার্বিকভাবে উন্নতি হলেও বৃষ্টিতে নতুন প্লাবনের শঙ্কা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। গতকাল শুক্রবার শুধু সিলেট অঞ্চলের কুশিয়ারা নদীর দুটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে ছিল। তিন দিনের মধ্যে বৃহত্তর সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে। তবে আগামী কয়েক দিনে ভারী থেকে অতিভারী বৃষ্টিতে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলার নিচু এলাকা সাময়িকভাবে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।

গতকাল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) এবং আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গতকাল দেশের শুধু একটি নদীর দুটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে ছিল। কুশিয়ারা নদীর সুনামগঞ্জের মার্কুলি পয়েন্টে পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পর্যবেক্ষণে থাকা ১২৭টি পয়েন্টের মধ্যে পানি ৬৬টিতে কমেছে ও ৫২টিতে বেড়েছে।

সতর্কীকরণ কেন্দ্র জানায়, সুরমা-কুশিয়ারা অববাহিকার নদ-নদীর পানি আগামী দুই দিন কমতে পারে। এতে আগামী তিন দিনের মধ্যে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

অন্যদিকে রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনার পানি কমলেও আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নওগাঁ ও নাটোরের কিছু এলাকায় নদীর পানি বেড়ে সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মা নদীর পানি আগামী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। তবে ৪৮ ঘণ্টার মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নিচু এলাকার কিছু অংশে সাময়িক বন্যা দেখা দিতে পারে।

দক্ষিণ-পূর্বাঞ্চলের গোমতী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি আগামী এক দিন বাড়তে পারে। এরপর দুই দিন তা স্থিতিশীল থাকতে পারে। তবে মুহুরী ও ফেনী নদীর পানি কমছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী দুই দিন দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৭ ও ২৮ জুলাইও বৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ, ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে টেকনাফে। এ ছাড়া কক্সবাজারে ৮৩ মিলিমিটার, সাতক্ষীরায় ৮১ মিলিমিটার, মহেশখালীতে ৬২ মিলিমিটার এবং খুলনায় ৫৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। উত্তর সীমান্তের ওপারে ভারতের মেঘালয়েও উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরেও এটি মাঝারি অবস্থায় রয়েছে। ফলে আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

রাষ্ট্রপতির বিদায়: বঙ্গভবন ছেড়ে কাল উঠছেন গুলশানে নিজের ফ্ল্যাটে

রাষ্ট্রপতির পদত্যাগ: অবশেষে সাহাবুদ্দিনের বিদায়

নতুন উন্নয়ন কৌশল বাস্তবায়ন করছে সরকার: তিতুমীর

রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয়, প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

সেদিন থেকে শুরু এরশাদের ষড়যন্ত্র

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি মাছউদ

হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার, দেওয়া হবে গার্ড অব অনার

আমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: সংবাদ সম্মেলনে স্পিকার

গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি: বঙ্গভবন