হোম > জাতীয়

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বিলুপ্ত করতে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

সংসদে আইন প্রণয়নের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনকে নিষিদ্ধ এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে বিলুপ্ত ঘোষণার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পক্ষে প্রকাশিত সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট, চ্যানেল ও অন্যান্য কনটেন্ট এবং সহিংসতা উসকে দেওয়া যেকোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

নড়াইলের কালিয়ার এম এস মোস্তাফিজুর রহমানসহ ৭ জন এই রিট করেন। আজ বুধবার আবেদনকারীদের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির রিটের বিষয়টি নিশ্চিত করেন।

স্বরাষ্ট্রসচিব, পররাষ্ট্রসচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউ প্রধান এবং তথ্য সচিবকে বিবাদী করা হয়েছে আবেদনে।

আবেদনে আওয়ামী লীগ এবং এর সব সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে সংসদের আইন বা অধ্যাদেশের মাধ্যমে সরাসরি নিষিদ্ধ ও রাজনৈতিক দল হিসেবে কেন বিলুপ্ত করা হবে না এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও তালিকাভুক্ত করা হবে না–এ মর্মে রুল জারির আরজি জানানো হয়েছে।

কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬-এর অধীন সুপ্রিম কোর্টে কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে। কমিশনের প্রতি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর অগ্নিসংযোগ, বোমা হামলা, নাগরিকদের হত্যা ও পুলিশ, হাসপাতাল, সরকারি-বেসরকারি সম্পত্তির ওপর হামলার ঘটনা তদন্ত করে ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশনা চাওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ওপর নির্দেশনা চাওয়া হয়েছে তারা যাতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর অর্থায়নের উৎস শনাক্ত করে এবং আইন অনুযায়ী সেগুলো অবরুদ্ধ করে। সেই সঙ্গে তাদের আর্থিক লেনদেন কীভাবে পরিচালিত হয়েছে সেই বিষয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা চাওয়া হয়েছে।

এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বক্তব্য, ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার করা, জুলাই যোদ্ধাদের সন্ত্রাসী বা জঙ্গি হিসেবে আখ্যায়িত করা এবং সহিংসতায় উসকানি প্রদান করার মতো কনটেন্ট সম্প্রচারকারী চ্যানেলগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।