হোম > জাতীয়

আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেছে ইউএনডিপি প্রতিনিধিদল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউএনডিপির রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ স্টেফান লিলারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউএনডিপির রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ স্টেফান লিলারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। আজ সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে এই সৌজন্য সাক্ষাৎ করেন তাঁরা। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে ইউএনডিপির বিদায়ী রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ স্টেফান লিলার আইজিপিকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ পুলিশের সংস্কার, কমিউনিটি পুলিশিং, মানবাধিকার এবং পুলিশের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া, তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইজিপি বাংলাদেশ পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপির বিদায়ী রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপির আগ্রহকে স্বাগত জানান। বাংলাদেশ পুলিশ ও ইউএনডিপির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।