নারী বিষয়ক নবম অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদ সফর করছে বাংলাদেশের একটি প্রতিনিধিদল। এই সফরের নেতৃত্ব দিচ্ছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন। সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণাও রয়েছেন।
আজ শনিবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানে ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিতব্য সম্মেলনে অংশ নিতে প্রতিনিধিদলটি শনিবার ইসলামাবাদে পৌঁছায়। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে স্বাগত জানান পাকিস্তানের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এবং মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মাহমুদুল হক।
ইসলামাবাদে পৌঁছে মন্ত্রী ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে স্বাগত জানান। পরে তিনি তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং হাইকমিশন প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।