হোম > জাতীয়

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও দুই এসপি বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) কুদ্দুস চৌধুরীকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ডিএমপির উপকমিশনার (ডিসি) মোহাম্মদ শামসুল হক।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়।

একই আদেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি করা হয়েছে। এ ছাড়া বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে দুই জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার ও গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীর পুলিশ সুপার করা হয়েছে।