সুশীল সমাজ ও সাধারণ মানুষসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।
আজ সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
স্টিভেন রড্রিগেস বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং এ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে ইউএনডিপি বা জাতিসংঘের অন্যান্য সংস্থা কীভাবে আরও সহায়তা করতে পারে, তা নিয়েও কথা হয়েছে। তবে কমিশন কখন ও কোথায় সহায়তা নেবে, সে সিদ্ধান্ত সম্পূর্ণ নির্বাচন কমিশনের ওপর নির্ভর করবে।
স্টিভেন রড্রিগেস বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, শুধু কমিশন বা সরকার নয়, বরং সুশীল সমাজ ও সাধারণ মানুষসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন স্থানীয় নির্বাচনও শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হবে এবং তা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে।’
সিইসিসহ নির্বাচন কমিশনের সদস্য ও সিনিয়র সচিবের সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়ে স্টিভেন রড্রিগেস বলেন, ‘আমি নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সঙ্গে দেখা করেছি। আমাদের মধ্যে অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমি শুরুতেই বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সফল একটি নির্বাচন আয়োজন করার জন্য কমিশনকে অভিনন্দন জানিয়েছি।’
বাংলাদেশের সর্বশেষ জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশে গত যে জাতীয় নির্বাচনটি হয়েছে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ এটি বাংলাদেশের জন্য একটি নতুন ভবিষ্যতের পথ তৈরি করেছে। ইউএনডিপি এবং নির্বাচন কমিশনের মধ্যকার সহযোগিতা নিয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। আমরা এই কমিশনের সহযোগী হতে পেরে গর্বিত।’
স্টিভেন রড্রিগেস আরও বলেন, নির্বাচনের পুরো ব্যবস্থাপনা ও আয়োজন ১০০ ভাগ নির্বাচন কমিশন নিজেই করেছে। তবে ইউএনডিপি ও আরও কিছু দাতা সংস্থা কমিশনকে সহায়তা করেছে। এ সহায়তার ক্ষেত্রে ইউএনডিপি জাতিসংঘের অন্যান্য সংস্থা—ইউএন উইমেন, ইউএনওডিসি ও ইউনেস্কোর সঙ্গে মিলে কাজ করেছে।