যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে এক ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
ওয়াশিংটনের স্থানীয় সময় গত বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে পল কাপুর বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেবল বাণিজ্য বা নিরাপত্তা নয়, বরং সুশাসন এবং অভিন্ন মূল্যবোধ দুই দেশকে আরও সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে।’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলেও পল কাপুরের এই বক্তব্যের উদ্ধৃতি দিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে। সেখানে তিনি দুই দেশের অংশীদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।
নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেন পল কাপুর। তিনি বলেন, ‘বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে রয়েছে। সমুদ্র বা সীমান্তে যা ঘটে, তা কেবল এই অঞ্চলের নয়, বরং ভারত ও প্রশান্ত মহাসাগরীয় এলাকাসহ সারা বিশ্বের নিরাপত্তায় প্রভাব ফেলে।’
চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিযোগিতার প্রতি পরোক্ষ ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আমরা নির্দিষ্ট কোনো পক্ষ বেছে নিতে বাংলাদেশকে কখনোই চাপ দিই না। বরং আমরা বাংলাদেশকে উন্নত প্রযুক্তির প্রস্তাব দিই, যা বাংলাদেশ স্বাধীনভাবে তার সার্বভৌমত্ব সুরক্ষায় ব্যবহার করতে পারে।’ বাংলাদেশ যাতে জটিল বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ব্যবসা, বাণিজ্য, জ্বালানি এবং কৃষিপণ্যসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, পল কাপুর তাঁর বক্তব্যে আগামী দিনগুলোতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের ভূমিকাকে যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে এই অনুষ্ঠানে উল্লেখ করা হয়।