হোম > জাতীয়

গণভবন: জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতির খোঁজে মানুষ

সাইফুল মাসুম, ঢাকা 

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ফটকের সামনে সাধারণ মানুষের আনাগোনা। ছবি: আজকের পত্রিকা

২০২৪ সালের ৫ আগস্ট লাখো মানুষের দখলে ছিল রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত গণভবন। তারপর পেরিয়েছে দুই বছর। সেই গণভবনকে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে আজ বুধবার সকালে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাদুঘরটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আজ বৃহস্পতিবার। তবে সাধারণ মানুষের যেন তর সইছে না।

জুলাইয়ের স্মৃতির খোঁজে জাদুঘরের মূল ফটকের সামনে ও আশপাশে অনেক মানুষকে ভিড় করতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ ভিড় আরও বেড়েছে। জাদুঘরের দক্ষিণের গেটে কথা হয় কয়েকজন দর্শনার্থীর সঙ্গে। তাঁরা বলেন, ঐতিহাসিক ৫ আগস্ট জাদুঘর সবার জন্য উন্মুক্ত থাকবে, এমন তথ্য শুনেই তাঁরা এসেছিলেন। তবে ঢুকতে না দেওয়ায় মন খারাপ করে বাড়ি ফিরছেন। কেউ কেউ গণভবন ঘুরে দেখতে না পেরে পাশের জিয়া উদ্যান ঘুরে দেখেছেন।

জাদুঘরের নিরাপত্তার দায়িত্বে থাকা হাবিবুর রহমান জানান, আগামীকাল বৃহস্পতিবার জাদুঘর সবার জন্য উন্মুক্ত থাকবে। অনলাইনে টিকিট কেটে জাদুঘরে প্রবেশ করা যাবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রাঙ্গণ। ছবি: আজকের পত্রিকা

পুরান ঢাকার বাসিন্দা মো. শাহজাহান (৫৯) ২০২৪ সালে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে আন্দোলনে অংশ নিয়েছিলেন। আজ বুধবার তিনি দুই সন্তানকে নিয়ে এসেছিলেন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেখতে। কিন্তু ভেতরে ঢুকতে না পেরে গ্রিল ঘেরা বেষ্টনীর ফাঁক গলে দেখছেন জাদুঘরের ভেতরের চিত্র। ভেতরে দেখা যায়, সবুজ মাঠ চত্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের ভাস্কর্য, জুলাই আন্দোলনের সময় লেখা জনপ্রিয় বিভিন্ন দেয়াল চিত্র, স্লোগান, পুরোনো লাল দেয়ালের ভাঙা অংশ, শেখ হাসিনার মুখাবয়ব ও আন্দোলনরত তরুণদের ছবি দিয়ে তৈরি বিশেষ শিল্পকর্ম। শাহজাহান বলেন, ‘৫ আগস্ট থেকে যেন সবাই শিক্ষা নেয়। জনগণ জাগলে ক্ষমতা দখল করে টিকে থাকা সম্ভব নয়।’

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার রাজধানীর নাখালপাড়ার বাসিন্দা আব্দুল কাদের মাসুমের মা আয়েশা আলী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তখন ক্ষমতার কেন্দ্র ছিল শেখ হাসিনা। এখন তার বেডের (বিছানা) ওপর স্থান পেয়েছে জুলাই শহীদদের নামের তালিকা।’ আয়েশা আলী বলেন, ‘হাসিনার পতন সবদিক থেকে হয়েছে। এই জাদুঘর দেখলে কেউ আর স্বৈরশাসক হওয়ার সাহস পাবে না।’

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রাঙ্গণে আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাস্কর্য। ছবি: আজকের পত্রিকা

জুলাই যোদ্ধা হিসেবে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখার সুযোগ পেয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তিনি গণ-অভ্যুত্থানে অংশ নিয়ে ২০২৪ সালের ২৬ জুলাই কারাবন্দী হয়েছিলেন। পরে ছাড়া পান ওই বছরের ৬ আগস্ট। আবু হানিফ আজকের পত্রিকাকে বলেন, ‘গণ-অভ্যুত্থানে যে ঘটনাগুলো চাক্ষুষ মানুষের সামনে ঘটেছে, তা জাদুঘরে নানাভাবে প্রদর্শন করা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের ওপর কীভাবে নির্মম নির্যাতন চালিয়েছে, তার ছবি ও ভিডিও ফুটেজ এখানে সংরক্ষণ করা হয়েছে। এসব দেখলে গণ-আন্দোলন নিয়ে পরবর্তী প্রজন্ম অনুপ্রাণিত হবে।’

২০২৪ সালে ৫ আগস্ট হাজার হাজার মানুষের সঙ্গে গণভবনে ঢুকে পড়েছিলেন আহমেদ শফিক শুভ (২১)। তিনি উদ্বোধনের দিনও জুলাই স্মৃতি জাদুঘরের সামনে এসেছিলেন। নেত্রকোনার এই বাসিন্দা তখন গাজিপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি নিজেকে নেত্রকোনার কেন্দুয়া থানার সান্দিকোনা ইউনিয়নের ছাত্রদলের সদস্য বলে পরিচয় দেন। শুভ বলেন, ‘শেখ হাসিনা থাকাকালীন কাউকে এই এলাকায় ঘেঁষতে দিত না। এখন এই গণভবনই আমাদের আন্দোলনের স্মৃতি।’

তবে জুলাই গণ-অভ্যুত্থানের সব স্মৃতি এখনো এই জাদুঘরে স্থান পায়নি বলে জানিয়েছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। তিনি জুলাই জাদুঘরের সামনে বলেন, আন্দোলনের অনেক স্মারক, স্মৃতিচিহ্ন এখনো জাদুঘরে স্থান পায়নি।

জানতে চাইলে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পরিচালনা পর্ষদের সদস্য মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে গণ-অভ্যুত্থান পুরোপুরি উপস্থাপন করা সম্ভব হয়নি। জাদুঘরকে প্রতিনিয়ত আপডেট (হালনাগাদ) করা হবে।’ এই জাদুঘরে জুলাই গণ-অভ্যুত্থান ছাড়াও আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের স্বৈরশাসনের নমুনা তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি: রাষ্ট্রপতি

‘ব্যবস্থা বদলের’ লক্ষ্যে আরেকটি গণ-অভ্যুত্থানের প্রস্তুতির আহ্বান বাসদের

জুলাই গণ-অভ্যুত্থান প্রামাণ্যচিত্রের অসংগতি নিয়ে রাষ্ট্রীয় কর্মসূচিতে হট্টগোল

১২ জেলায় বন্যার শঙ্কা, বাড়তে পারে নদ-নদীর পানি

মোজাফফরের বিষয়ে মেটার কাছে তথ্য চেয়েছে প্রসিকিউশন

রাষ্ট্রীয় অনুষ্ঠানে হট্টগোল-বিশৃঙ্খলায় ‘দুঃখিত-লজ্জিত’ রাষ্ট্রপতি

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী

কেউ কেউ দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন: প্রধানমন্ত্রী

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান গণমানুষের অধিকার-ন্যায়বিচারের ঐতিহাসিক অধ্যায়: ড. ইউনূস