হোম > জাতীয়

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে সংসদে বিল, বিরোধী দলের আপত্তি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ,শফিকুর রহমান ও নাহিদ ইসলাম । ছবি: ভিডিও থেকে নেওয়া

এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল আনা হয়েছে। ২০০৩ সালে আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স সংশোধন করে র‍্যাব গঠনের ভিত্তি দেওয়া হয়েছিল। এখন সেটা বাতিল করে নতুন আইন করার পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুলিশের জন্যও নতুন একটি আইন করা হচ্ছে। আজ বৃহস্পতিবার সে বিলও সংসদে তোলা হয়েছে।

আজ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল’ সংসদে তুলতে গেলে আপত্তি জানান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি এসআরবি নামে নতুন এলিট ফোর্স গঠনের আগে সংসদে বিশদ আলোচনার দাবি জানান।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও একই আহ্বান জানান। এটি নিয়ে বিরোধী দলের নেতার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক হয়। তবে শেষ পর্যন্ত বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বিলটি পরীক্ষা করে চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।