স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পেশাদারির সঙ্গে পালনের লক্ষ্যে সারা দেশে ১১৪টি ভেন্যুতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইনটিগ্রিটিতে হেডকোয়ার্টার্স ভেন্যুর প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সদর দপ্তর জানায়, স্থানীয় সরকার নির্বাচনে এর আগে নির্বাচনী প্রশিক্ষণ নেননি এমন ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্যকে এ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম ব্যাচে প্রশিক্ষণ নিচ্ছেন ৪ হাজার ৯৬৫ জন।
পুলিশ সদর দপ্তর আরও জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এরই মধ্যে ১ লাখ ৫২ হাজার ১৭৫ জন পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে তাঁদের একদিনের রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হবে। বর্তমানে নতুন সদস্যদের দুই দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ শেষ হওয়ার পর রিফ্রেশার প্রশিক্ষণ শুরু হবে।