বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত নিষ্পত্তির জন্য ১১ দলীয় জোট ও শহীদ পরিবারের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালে মানবতাবিরোধী অপরাধে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর বহু কর্মকর্তা এখনো গ্রেপ্তার না হয়ে সরকারি দায়িত্বে বহাল রয়েছে। তাই তদন্তে যাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া যাবে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের অনেক চিহ্নিত ব্যক্তিকে এখনো গ্রেপ্তার করা হয়নি। যার কারণে সাক্ষীরা ভয়ভীতির মধ্যে রয়েছে। তাই তদন্তে যাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া যাবে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
এতে আরও বলা হয়, গুম-সংক্রান্ত মামলার তদন্ত ও বিচারে অস্বাভাবিক ধীর গতি লক্ষ করা যাচ্ছে। এতে ন্যায়বিচার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাই দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নিতে বলা হয়।