বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ১৪ জন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১৭ জন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) ও দুজন পুলিশ সুপার। তবে প্রজ্ঞাপনে তাঁদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার জনস্বার্থে প্রয়োজন মনে করলে কোনো কারণ দর্শানো ছাড়াই তাঁকে চাকরি থেকে অবসর দিতে পারবে।