মত প্রকাশের স্বাধীনতার অর্থ রাজনৈতিক সংঘাত সৃষ্টি বা জনগণের ক্ষতি করার সুযোগ নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেছেন, ব্যক্তি বা সংগঠনের রাজনৈতিক সংঘাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বিশেষ করে এর ফলে জনগণের ক্ষতি হলে।
আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ডিকাব টকে এসব কথা বলেন মাইকেল মিলার।
মাইকেল মিলার বলেন, বিগত শাসনামলে বাংলাদেশের নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছিল। বর্তমানে সেই সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ইইউ।
এক প্রশ্নের জবাবে ইইউ রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক রূপান্তর খুবই জটিল ও সময়সাপেক্ষ বিষয়।
এ সময় বাংলাদেশ ও ইইউর সম্পর্কের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মাইকেল মিলার বলেন, আগামী বছরের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রাসেলস সফরের কথা রয়েছে। এ ছাড়া মুক্তবাণিজ্য নিয়ে আলোচনার জন্য আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ইইউ।
প্রাথমিক বক্তব্যে তিনি আরও বলেন, রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিদের ভুল বুঝিয়ে যুক্ত করার ঘটনায় ইইউ গভীরভাবে উদ্বিগ্ন। আগামী বছরের এপ্রিলে ইইউ-বাংলাদেশ বিজনেস সামিট অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।