পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শিউলি খানম। গত অক্টোবর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। তাঁর পদত্যাগপত্রটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেওয়ার পর সলিসিটরের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগপত্র জমা দিলেন।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের জন্য ২৬৫ জন আইনজীবীকে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁদের মধ্যে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি)। এই নিয়োগের পর থেকেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে আইনজীবীদের একটি অংশ বিএনপির বাইরের নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন করছেন। তাঁরা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলেরও পদত্যাগ চেয়েছেন।
নিয়োগ বাতিলের আন্দোলনে নেতৃত্বদানকারীদের অন্যতম এবিএম ইব্রাহিম খলিল আজকের পত্রিকাকে বলেন, শিউলি খানম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ভাইয়ের স্ত্রী। তাঁর বিরুদ্ধে নোট বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মূলত বিএনপির আন্দোলনের কারণে তিনি পদত্যাগ করেছেন বলে জানান ইব্রাহিম খলিল।
এ বিষয়ে জানতে চাইলে শিউলি খানম আজকের পত্রিকাকে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় তিনি নিয়োগ পেয়েছিলেন। বিএনপি ক্ষমতায় আসার পর তিনি পুনরায় নিয়োগ পান। ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। সারা জীবন বিএনপির সঙ্গে ছিলেন। তবে কখনোই বিএনপি বা অঙ্গসংগঠনে তাঁর কোনো পদ ছিল না। আর নোট বাণিজ্যের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।