দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘নৌযান শুমারি ২০২৬’। দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিনচালিত নৌযানের হালনাগাদ তথ্য সংগ্রহের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার থেকে এ শুমারি শুরু হবে; যা ২৯ আগস্ট পর্যন্ত চলবে।
আজ বুধবার নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তরের ‘নৌযানের ডেটাবেইস তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যৌথভাবে শুমারির তথ্য সংগ্রহ করবে।
শুমারিতে দেশের নৌযানের সংখ্যা, ধরন, মালিকানা, নিবন্ধনসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। এসব তথ্যের ভিত্তিতে একটি সমন্বিত ডেটাবেইস তৈরি করা হবে। এর মাধ্যমে দেশের নৌযান খাতের একটি হালনাগাদ ও পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে বলে জানিয়েছে নৌপরিবহন অধিদপ্তর।
সংশ্লিষ্টরা বলছেন, নৌযানের সঠিক সংখ্যা ও অবস্থান সম্পর্কে তথ্য না থাকায় নৌযান ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নৌপথ পরিকল্পনায় নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে। শুমারির তথ্য ব্যবহার করে নৌযানের নিবন্ধন ও ব্যবস্থাপনা আরও কার্যকর করা, নৌনিরাপত্তা জোরদার এবং ভবিষ্যৎ নৌপরিবহন পরিকল্পনা প্রণয়ন সহজ হবে।
শুমারি কার্যক্রমে নিয়োজিত কর্মীদের প্রয়োজনীয় ও সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে নৌযানের মালিক, চালক, শ্রমিকসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে নৌপরিবহন অধিদপ্তর।
নৌপরিবহন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও তথ্যভিত্তিক করতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।