বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে চুয়াডাঙ্গায় ও অন্যজনকে গোপালগঞ্জে পদায়ন করা হয়েছে।
আজ রোববার পুলিশ হেডকোয়ার্টার্সের পারসোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমাকে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। বদলি ও পদায়ন হওয়া দুই কর্মকর্তাকে ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।