হোম > জাতীয়

ঢাকা, বগুড়া ও চট্টগ্রামে নারীদের জন্য ‘পিংক বাস’ সার্ভিস চালু বুধবার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

তিন শহরে চলবে পিংক রঙের ১৪টি বাস। ছবি: বিআরটিসি

মহিলা চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত ‘মহিলা বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। পিংক রঙের এই বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী বুধবার। শুরুতে ঢাকা, বগুড়া ও চট্টগ্রামে মোট ১৪টি বাস চলাচল করবে।

আজ রোববার বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ‘মহিলা বাস সার্ভিস’ চালু করা হচ্ছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন রুটে ১০টি, বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাস চলবে। আগামী বুধবার এই সার্ভিসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

বিআরটিসি সূত্র জানায়, ঢাকায় মতিঝিল, যাত্রাবাড়ী, কল্যাণপুর, মিরপুর, নারায়ণগঞ্জ, মোহাম্মদপুর, জোয়ারসাহারা ও গাজীপুর ডিপোর আওতাধীন বিভিন্ন রুটে বাসগুলো চলাচল করবে।

মতিঝিল ডিপোর বাস নতুন বাজার-মতিঝিল এবং তালতলা-মতিঝিল রুটে চলবে। যাত্রাবাড়ী ডিপোর বাস ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে জিপিও, কল্যাণপুর ডিপোর বাস মিরপুর-১০ থেকে মতিঝিল এবং মিরপুর ডিপোর বাস মিরপুর-১২ থেকে মতিঝিল রুটে চলাচল করবে।

এ ছাড়া নারায়ণগঞ্জ-মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল, আবদুল্লাহপুর-মতিঝিল এবং গাজীপুর-বিমানবন্দর রুটেও মহিলা বাস সার্ভিস থাকবে। বগুড়ায় শেরপুর থেকে মাটিডালি এবং চট্টগ্রামে কালুরঘাট থেকে পতেঙ্গা রুটে দুটি বাস চলাচল করবে।

বিআরটিসি আরও জানিয়েছে, বাসগুলো একতলা ও দ্বিতল ধরনের। যাত্রীদের নিরাপত্তার জন্য বাসে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া পস মেশিনের মাধ্যমে টিকিট কাটার সুবিধাও থাকবে।