সিলেট ও চট্টগ্রামে আধুনিক প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক মানের মডেল চা-বাগান (টি এস্টেট) স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য ও পর্তুগালের একটি প্রতিনিধিদল। এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রযুক্তিগত বিষয় নিয়েও ধারণা দিয়েছে দলটি।
আজ সোমবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানানো হয়। ‘গ্লোবাল ফেয়ার পে ফাউন্ডেশন অ্যান্ড লন্ডন টি এক্সচেঞ্জ’-এর চেয়ারম্যান প্রফেসর শেখ আলিউর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি তাঁর সঙ্গে সাক্ষাৎ করে।
প্রতিনিধিদলে পর্তুগালের প্রিন্সেস ও কোইম্ব্রার ডাচেস মারিয়া ফ্রান্সিসকা এবং কোইম্ব্রার ডিউক দুয়ার্তে মারিয়া দে সুসা আরাউজো মার্তিন্সসহ মোট ১১ জন সদস্য উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের প্রশংসা করেন। তাঁরা বাংলাদেশিদের আতিথেয়তা ও বন্ধুত্বপূর্ণ আচরণের পাশাপাশি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা নিয়েও কথা বলেন।
পর্তুগালের প্রিন্সেস ও কোইম্ব্রার ডাচেস মারিয়া ফ্রান্সিসকা বলেন, পর্তুগালে বসবাসরত বাংলাদেশিরা অত্যন্ত বন্ধুবৎসল ও আন্তরিক। তাঁরা দেশটির জাতীয় উৎসবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে উৎসাহের সঙ্গে অংশ নেন। সংগীত ও গানের পরিবেশনার মাধ্যমে দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্যকেও সমৃদ্ধ করেন। পর্তুগালে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন তিনি।
শেখ আলিউর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিকভাবেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের পুরোনো সম্পর্ক আরও জোরদার ও পুনরুজ্জীবিত করতে তাঁরা আগ্রহী। বাংলাদেশের চায়ের গুণগত মান ভালো এবং আন্তর্জাতিক বাজারে এ চায়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, চা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ঐতিহাসিকভাবে বাংলাদেশের মানুষ চা পছন্দ করে। ব্রিটিশদের হাত ধরেই এ দেশে চা সংস্কৃতির ব্যাপক বিস্তার ঘটে। বাংলাদেশের রাজনীতিতেও এক কাপ চায়ের বিশেষ তাৎপর্য রয়েছে। বিশেষ করে নির্বাচনের আগে রাজনৈতিক আলোচনা ও মতবিনিময়ে চায়ের আড্ডা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ডেপুটি স্পিকার আরও বলেন, বাংলাদেশের চা শিল্পের উন্নয়নের পাশাপাশি চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও মর্যাদা নিশ্চিত করতে হবে। চা শ্রমিকদের অনেকে এখনো শিক্ষা ও অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই নতুন কোনো চা-বাগান স্থাপনের ক্ষেত্রে শুধু বাণিজ্যিক দিক বিবেচনা না করে শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও সামাজিক নিরাপত্তার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশে চা শিল্পের আধুনিকায়ন এবং বাংলাদেশ, যুক্তরাজ্য ও পর্তুগালের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।